ইভ্যালির নাম ভাঙিয়ে শত কোটি টাকা আত্মসাতে আটক ৩
প্রতারণার মাধ্যমে গ্রাহকরে কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই ভ্যালি ই-কমার্সের ৩ কর্মীকে প্রায় ৩৯ লাখ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির স্থানীয় অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ই ভ্যালি ইকমার্স এর ব্যবস্থাপক বিপ্লব হোসেন (২৪), সহকারি ব্যবস্থাপক রবিউল ইসলাম (২৭) ও অফিস সহকারি মো: জামাল হোসেন (৩৮)।
তবে অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হেনা আক্তার ও তার স্বামী কামাল হোসেন সটকে পড়ে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা।
তিনি জানিয়েছেন, উপজেলার বলধারা ইউনিয়নের পারিল নোয়াদ্দা গ্রামের ফজল হকের ছেলে কামাল হোসেন তার স্ত্রী হেনা আক্তার স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দ্বিতল ভবনে ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই ভ্যালির শাখা অফিস ই ভ্যালি ইকমার্স নামে একটি অফিস খুলে ৭ মাস ধরে ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ১০০ টাকার পণ্য কিনলে সমপরিমাণ বা তার চেয়েও বেশি অর্থ ফেরত দেওয়ার লোভনীয় অফার দিয়ে আসছিলো। এভাবে প্রতারণার মাধ্যমে সহজ সরল লোকজনের কাছ শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিদিন তারা লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করতো। টাকা পরিশোধ করার পরও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল। এলাকাবাসী ও ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে সোমবার দুপুরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই অফিসে অভিযান চালানো হয়।
তবে এই প্রতিষ্ঠানের সঙ্গে ই-ভ্যালির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মাদ রাসেল।